চাঁদপুরে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: জুয়েল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে চাঁদপুর শহরের ইচুলী ঘাট সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলি এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে বিবাহিত এবং দুই বছরের এক ছেলেসন্তানের জনক।
স্থানীয়রা জানান, জুয়েল প্রতিদিনের মতো সোমবার সকালে সেলিম অ্যান্ড ব্রাদার্স ডকইয়ার্ডের একটি নৌযানে রঙের কাজ করতে যায়। পানিতে দাঁড়িয়ে রঙের কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজজনিত কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, জুয়েল ওই ডকইয়ার্ডে রঙের কাজ করতেন। ডকইয়ার্ডের মালিকপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের আরো দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: নাজমুল হাসান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে হাসপাতালে আনার আগেই জুয়েল নামের লোকটির মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছর সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের ওই ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।



