গাজীপুরে ‘সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং ফরেস্ট রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু |নয়া দিগন্ত

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে গাজীপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৫।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং ফরেস্ট রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, ‘বৃক্ষ কেবল অক্সিজেনই দেয় না, এটি একটি বরকতময় দান। প্রতিটি গাছ লাগানো সদকার সমান। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব জীবনে গাছের অবদান অনস্বীকার্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাছেম বিল্ল্যাহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মনির হোসেন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল রাজবাড়ী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সচেতনতামূলক প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তুলেছে, যেখানে তারা আগ্রহভরে বিভিন্ন চারা সংগ্রহ করছে এবং পরিবেশ রক্ষায় নিজেদের যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। ‘সবুজের চারা হাতে, হৃদয়ে আশা’- এই বার্তা নিয়ে গাজীপুরের এই উদ্যোগ টেকসই ভবিষ্যতের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।