পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের মেবার আলী শেখের বাড়ি থেকে মোতাছের মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা জরুরি।’
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের স্থানীয় প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করতে হবে। এই খাল পুনঃখনন প্রকল্প সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার একর জমির চাষাবাদ সহজতর হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান, কাউখালী থানার ওসি মো: ইয়াকুব হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দে এই পুনঃখনন কাজ পরিচালিত হচ্ছে, যা উপজেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।



