ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়ন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মইনুদ্দিনের বাড়ির সামনে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়া হয়। পরে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে আমরা গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করি। লাশের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
ওসি আরো বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



