ওজনে কম দেয়া এবং অবৈধভাবে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহারের অভিযোগে রংপুরের দুটি পেট্রোল পাম্পকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ এপ্রিল) রংপুর মহানগরীর মডার্ন মোড়ের রহমান পেট্রোল পাম্প ও মিঠাপুকুরের দমদমায় হাইওয়ে ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো: শাহান জানান, অভিযানের সময় মিঠাপুকুরের দমদমার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩)/৪৮ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে নগরীর মডার্ন মোড় ধর্মদাস এলাকার মেসার্স রহমান পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রতি ১০ লিটারে ডিজেলে ৩০৯ মি.লি. কম প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ২৯/৪৬ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন এবং মো: আলমাস মিয়া। এসময় রংপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ সহযোগিতা করেন।



