মাদারীপুরের কালকিনিতে ইয়েস পরিবহন ও মাদারীপুরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইয়েস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয়বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্র : বাসস



