দিনাজপুরে প্রস্তাবিত অগ্রিম আয়কর বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাইকাররা।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম।
তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রস্তাবিত কর আরোপ সাধারণ বাইকার, রাইড শেয়ার চালক ও ক্ষুদ্র আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
মানববন্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাব দিনাজপুর, দিনাজপুর বাইক লাভারস, দিনাজপুর বাইকার্স, দা বাইকারস দিনাজপুর, দিনাজপুর রাইডার্সসহ বিভিন্ন বাইকিং গ্রুপ এবং সর্বস্তরের বাইকাররা অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রস্তাবিত অগ্রিম আয়কর কার্যকর হলে বহু মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।



