কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় পীরের দরবারে হামলার ঘটনায় উস্কানির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মামলার ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে নিহতের পরিবার মামলা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে পরবর্তীতে মত পরিবর্তন করে মামলা দায়ের করা হয়।
গত শনিবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় কিছু মানুষ পীর শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তাকে ও তার অনুসারীদের মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় শামীম জাহাঙ্গীরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
পরদিন রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় ফিলিপনগরের পশ্চিম-দক্ষিণ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।



