সৌদি আরবের দাম্মামে দেয়াল ধসে পড়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার সন্তান মোহাম্মদ ইউসুফের (২৬) মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মরহুম বেচু মিয়ার ছেলে ইউসুফ। তিন মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন বলেন, ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।



