সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৬৬ জন শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে
হাম আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

সিলেটে উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ জনে।

বৃহস্পতিবার (৭ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এক বছর বয়সী শিশু সজিবুল ইসলাম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (৬ মে) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরো আট শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১৪১। এর মধ্যে হবিগঞ্জে ১৩ জন (রুবেলা আক্রান্ত দু’জন), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭১ জন ও সিলেট জেলার রোগী ৪১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৬৬ জন শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৬ জন, আল হারামাইন হাসপাতালে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ জন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩৩ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৯২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, আল হারামাইন হাসপাতালে দু’জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে দু’জন, পার্কভিউ হাসপাতালে দু’জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন শিশু ভর্তি রয়েছে।