মাদারীপুরে ভুল চিকিৎসায় বিলকিস বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজন ও বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের পানিছত্র এলাকায় কে. আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
বিলকিস বেগম সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার সিরাজ আকনের স্ত্রী।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বিলকিস বেগম তার পিঠে একটি ফোঁড়া অস্ত্রপাচর করার জন্য কে. আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক আহসান হাবিব তার পিঠে অস্ত্রপাচার করেন। নির্ধারিত সময়ের মধ্যে বিলকিস বেগমের জ্ঞান ফিরে না এলে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় যাত্রাপথে বিলকিস বেগমের মৃত্যু হলে রোগীর স্বজনরা তাকে ফের মাদারীপুরে নিয়ে আসেন। পরে রোগীর স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই হাসপাতালে গিয়ে এ ঘটনার ক্ষোভ প্রকাশ করে এবং হাসপাতালের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে সদর মডেল থানার পুলিশ ও সদর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও হাসপাতালটি সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়।
কে. আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা তৌকির হাসান সোহেল বলেন, ‘আমাদের হাসপাতালে সব অভিজ্ঞ চিকিৎসক। ওই নারী আমার কাছে আগেও সেবা নিয়েছেন। তার ফোঁড়ায় পচন ধরেছিল। অপারেশন ঠিক মতই হয়েছে। পরে তার আইসিইউ দরকার হওয়ায় ঢাকায় পাঠানো হয়। পরে রোগী মারা গেলে তাদের স্বজনরা আমাদের হাসপাতালের চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।’
এ সম্পর্কে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’



