বাহুবলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খোজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

সিলেট ব্যুরো

Location :

Bahubal
নিহত আব্দুল্লাহ
নিহত আব্দুল্লাহ |নয়া দিগন্ত

হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খোজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের পর তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেয়া জমিতে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন। সম্প্রতি তার এক সন্তানের জননী মেয়ে সুহেনা আক্তার অন্য এক ব্যক্তির সাথে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে রেজিয়া খাতুন, তার ভাই আব্দুল হক ও আব্দুল মালেকের সাথে একই গোষ্ঠীর অন্য সদস্যদের বিরোধ তীব্র হয়ে ওঠে।

শনিবার বিকেলে আব্দুল হক ও তার ভাগ্নে মোস্তাকিমের সাথে প্রতিপক্ষ আব্দুল্লাহ ও তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করলেও মাগরিবের নামাজের পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে আরো অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।