বালুচর পশুর হাটে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১ ডজন

হাট পরিচালনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আধিপত্য বিস্তারে সংঘর্ষ
আধিপত্য বিস্তারে সংঘর্ষ |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী বালুচর পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত এক ডজন ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে ওই উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাউল গ্রুপের শহীদ বাউল (৩৫), আরিফ হোসেন (৩৫), ওছমান গনি (২৫) ও ফারুক মুন্সি (৩০) রয়েছেন। অন্যদিকে সরকার গ্রুপের শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০), হৃদয় সরকার (২৮), শরিফ সরকার (২৮), আসফাক সরকার (৩৮), আসলাম সরকার (৪০) ও রাজু সরকার (৩০) আহত হন।

স্থানীয়দের ভাষ্য, হাট পরিচালনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মো. মোক্তার হোসেন ও মো: শহীদ বাউল। ইজারা কার্যক্রম সংশ্লিষ্ট একটি সভাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে প্রশাসনের সাথে আলোচনা চলছে।’

হাটের ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান দাবি করেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘ঘটনার পর পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’