হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো ৩৩ শিশু ভর্তি হয়েছে। এতে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন, সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরো ২৮ শিশু ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮৫ শিশু। তবে এ সময়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘এক মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। এর মধ্যে তিন মাস থেকে এক বছরের শিশুর সংখ্যা বেশি। বর্তমানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।’


