নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে নিচে পড়ে জিহাদ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।
মসজিদের কেয়ারটেকার বনি আমিন জানান, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে এবং ছাদে গিয়ে নেমে যায়। ওই সময় আমি নামাজের জন্য ওযু করতে গিয়েছিলাম। ষষ্ঠতলা মসজিদটির নিচ তলায় নামাজ হয় আর দোতলা, তিনতলায় মাদরাসা। উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
শিশুর বাবা জাহিদ জানান, আমাদের এক ছেলে ও এক মেয়ে, তাদের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই এখানে এসে খেলাধুলা করত।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথামিকভাবে তদন্ত করে দেখেছি, শিশুটি একাই মসজিদের ছাদে ওঠে এবং নিচে পড়ে মারা যায়। নিহতের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করবে না এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করবে। এজন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।



