মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৩৭ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন শ্রীনগর উপজেলার ষোলঘর পুরুহিত পাড়া গ্রামের মো: কিরন শেখ (২৬) ও সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামে মো: আবুল বেপারী (৩৮)।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে লৌহজং থানার এসআই (নি:) প্রবীর কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে কিরনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে একইদিন সকাল সাড়ে ৯টার দিকে থানার এসআই (নি:) মো: শাহীন মিয়ার নেতৃত্ব থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের কুকুটিয়া রোডগামী বাংলালিংক টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে আবুল বেপারীকে ৩৭ পিস ইয়াবাসহ আটক করে।
ওসি আরো জানান, অভিযানে ইয়াবা উদ্ধারসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



