স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, ‘একটা হাসপাতালে মন্ত্রী আসবে, ডিজি আসবে, সচিব আসবে। আমি দেখলাম আপনাদের হাসপাতাল, আমি দুঃখ নিয়েই বলছি, আমি এটি আশা করিনি। বাংলাদেশের অনেক জেলায় গিয়েছি, অন্তত অতিথিদের জন্য হলেও পরিষ্কার করে রেখেছে, আপনি সেটা করেননি।’
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। সকল কালো পাতিল ভাঙারির কাছে বিক্রি করবেন। সকল মালামাল যা রেখেছেন, এখানে দাহ্য পদার্থ ও অপ্রয়োজনীয় জিনিস রেখেছেন, যদি আগুন লাগে মানুষ বাঁচবে না, কেউ নেভাতেও যাবে না। কতো কোটি টাকার মালামাল এখানে? এরকম কালো পাতিল আপনার বাসায় রাখবেন? এগুলোতে রান্না করে মানুষকে খাওয়াবেন? হতে পারে তারা গরীব, আমি এটা দেখতে চাই না।’
নারায়নগঞ্জ-৫ আসনের এমপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এমপি সাহেব আপনি সভাপতি। আমি অনুরোধ করব আগামী পরশুদিন আপনি ডিসি সাহেবকে নিয়ে রান্নাঘর, বাথরুম দেখবেন। পরশুর মধ্যে এগুলো অপসারণ করতে হবে।’



