চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
অভিযানে ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিহুদা বাজারে অভিযান চালানো হয়।
এ সময় আতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীর মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা পাঁচ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পেট্রোলিয়াম আইনের ৪ ধারা লঙ্ঘন করে জ্বালানি তেল মজুতের অপরাধে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এদিকে একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনেও অনিয়মের প্রমাণ মেলে। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলাম অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে অভিযুক্ত হন। তাকে সাত দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সঙ্কট প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ অভিযানে পিয়াস ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানাসহ সাত দিনের জেল দেয়া হয়েছে। আর আতিয়ার রহমান নামের একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



