উত্তরাঞ্চলের অন্যতম বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: শাফিন আহমেদ রন্টি। একই সাথে হোটেলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা ও বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো: শোকরানা।
শুক্রবার (১০ এপ্রিল) হোটেলের সারাকা কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো: শোকরানা তার বড় ছেলে মো: শাফিন আহমেদ রন্টির নিকট ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিএনপি নেতা সুজাউদ্দৌলা সনজু, সিনিয়র সাংবাদিক আবদুর রহমান টুলু, আব্দুর রহিম প্রমুখ।
চেয়ারম্যান শোকরানা বলেন, বিএনপি সরকারের সময় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছিল। তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিদেশী খেলোয়াড়দের আবাসনের জন্য ভেন্যুর কাছাকাছি আন্তর্জাতিক মানের হোটেলে থাকার শর্ত দেয়া হয়। তখন ১৫ দশমিক ১১ একর জমির ওপর উত্তরাঞ্চলের প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন স্থাপন করা হয়। ২০০৫ সালের ১৬ আগস্ট হোটেলটির উদ্বোধন করেছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক মো: শাফিন আহমেদ রন্টি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি উত্তরাঞ্চলে রাজনৈতি সফরে এসে এই হোটেল রাত্রি যাপন করেন। এটা আমাদের অনেক বড় পাওয়া। বাবার মতো আমিও যেন হোটেল নাজ গার্ডেনের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য, হোটেল নাজ গার্ডেন প্রতিষ্ঠা করেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: শোকরানা। হোটেলটি প্রতিষ্ঠার পর থেকে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।



