রংপুরে ৪৪ ইয়াতিম শিশুর হাতে খাবার, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী

প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এই উদ্যোগ এতিম শিশুদের জীবনে অপরিহার্য ভূমিকা রাখছে। এটি তাদের পরিবারকে আর্থসামাজিকভাবে শক্তিশালী করবে এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সহায়ক হবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে ৪৪ ইয়াতিম শিশুর হাতে খাবার, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী
রংপুরে ৪৪ ইয়াতিম শিশুর হাতে খাবার, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী |নয়া দিগন্ত

রংপুরে ইয়াতিম শিশুদের মাঝে খাবার, শিক্ষা ফি এবং শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর তাজহাট এলাকায় সংগঠনটির অফিসে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় ৪৪ জন ইয়াতিম শিশুকে চাল, ডাল, তেল, সাবানসহ তিন মাসের খাদ্য প্যাকেজ, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ, ছেলেদের জন্য ক্রিকেট ও মেয়েদের জন্য ব্যাডমিন্টন সামগ্রী এবং প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে টিউশন ফি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এই উদ্যোগ এতিম শিশুদের জীবনে অপরিহার্য ভূমিকা রাখছে। এটি তাদের পরিবারকে আর্থসামাজিকভাবে শক্তিশালী করবে এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সহায়ক হবে।’

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এসব শিশু বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং দু’বার নতুন পোশাক পেয়ে থাকে। মা ইন্টারন্যাশনালের সহায়তায় সংগঠনটি সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে নিয়মিত সহায়তা প্রদান করছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন, অফিসার সাজিদ আল-আহাদ, বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।