জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াজেদ ওয়াসীফের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে স্লোগান দেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া চর্চা একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


