চট্টগ্রামের মিরসরাই-সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বয়লার শ্রমিক ও এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিরসরাই উপজেলার শাহজিবাজার এলাকার নুর হোসেন (৪৬) ও একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে শাহিন আলম (১৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর হাসপাতাল) নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ি এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
অপরদিকে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় আবুল খায়ের স্টিল মিলে নাইট ডিউটি শেষে বাসায় ফিরছিলেন বয়লার শ্রমিক নুর হোসেন। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি ড্রামট্রাক উল্টে নুর হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, মাদামবিবিরহাট এলাকায় একটি ড্রামট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



