নবাবগঞ্জে অবৈধভাবে ঘোড়া জবাই, ৩ জনকে কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনকে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেয়।

Location :

Dinajpur
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি খামারে অবৈধভাবে ঘোড়া জবাই করে গোশত প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালায় পুলিশ।

আটকরা হলেন নেত্রকোনা জেলার আব্দুল্লাহ (৩৫), নীলফামারী জেলার রবিউল ইসলাম (৩২) এবং রংপুর সদর উপজেলার রুবেল মিয়া (৩৫)।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনকে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেয়।

স্থানীয় ইউপি সদস্যা লিপি বেগম বলেন, ‘খামারটি গ্রামের একপ্রান্তে হওয়ায় সেখানে মানুষের যাতায়াত কম। সেই সুযোগে দুর্বৃত্তরা গোপনে ছয়টি ঘোড়া জবাই করে গোশত প্রক্রিয়াজাত করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোশত জব্দ করে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন, ‘এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যেনো এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জবাইকৃত ঘোড়ার গোশত ঢাকায় নিয়ে গিয়ে বিক্রির প্রস্তুতি নেয়া হচ্ছিল।’