ময়মনসিংহ মেডিক‌্যালে হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ভর্তি হয়েছে ২৪ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন।

শুক্রবার (১ মে) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নেত্রকোণার কলমাকান্দা থেকে শনিবার রাতে ১০ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয়।

অপরদিকে, জামালপুরের ইসলামপুর থেকে ভোরে আনা পাঁচ মাস বয়সী আরেক শিশুও একই দিনে সকাল ১০টার দিকে মারা যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে ভুগছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯১১ জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়। এ ছাড়া একই সময়ে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে হাম রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর চাপ বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় তিনটি মেডিক্যাল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।