রংপুরে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের মিঠাপুকুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল ও ডিজেল অবৈধভাবে মজুত করায় মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
অভিযানে জব্দ করা জ্বালানি তেল
অভিযানে জব্দ করা জ্বালানি তেল |নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল ও ডিজেল অবৈধভাবে মজুত করায় মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পায়রাবন্দের বিশ্বনাথপুর মহল্লার মোড়ে মাহিদুল ইসলামের মালিকানাধীন জেরিন ট্রেডার্স এবং তার বাড়িতে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম এসব জব্দ করে।

বাড়িতে অভিযান চালিয়ে পাতিল, জারকিন ও ড্রামে মজুত করা ২৫ লিটার পেট্রোল ও ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মো: শাহান। পরে জব্দ করা পেট্রোল ও ডিজেল ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: শাহান বলেন, ‘ওই দোকানি অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিলেন। আমরা তাকে জরিমানা করেছি ও জ্বালানি তেল জব্দ করে বিক্রি করার পর সরকারি কোষাগারে টাকা জমা দিয়েছি।’

জ্বালানি তেল মজুত, ওজনে কম দেয়া, বিতরণ ও সরবরাহে অব্যবস্থাপনা এবং অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।