যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পাশাপোল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিরুল ইসলাম। তিনি পাশাপোল গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেনের ছেলে। উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের আরিফ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩৩), স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের রাহাতুল্লাহ মন্ডলের ছেলে আলামিন হোসেন মন্ডল (৩৪), আড়শিংড়া গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে মন্টু হোসেন মন্ডল (৩৮) ও সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্ণি গ্রামের মরহুম আব্দুর রবের ছেলে আবু হোসেন (৪০)।
বুধবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে আমিরুলকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর মেসার্স সরদার ব্রিকস ইটের ভাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ আওয়ামী লীগ নেতা আমিরুলকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো চারজনকে গ্রেফতার করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



