ময়মনসিংহে ইটভাটা থেকে বিদেশী রিভলবার উদ্ধার

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

ময়মনসিংহ অফিস
উদ্ধারকৃত বিদেশী রিভলবার
উদ্ধারকৃত বিদেশী রিভলবার |নয়া দিগন্ত

ময়মনসিংহ সদর উপজেলায় র‌্যাব-১৪-এর গোপন অভিযানে ইটভাটা থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অস্ত্র ব্যবসায়ীরা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, সদর থানার উজানবাড়ের একটি ইটভাটায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।