ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা সদরে প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা ইউনিয়ন পরিষদের বাবুরহাট বাজারে এ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান।
অভিযানে বাবুরহাটের শুটিং বাড়ি মোড় ও বাবুরহাট মডেল প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত ভ্রাম্যমাণ দোকানগুলোকে একদিনের মধ্যে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও।
ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, ‘কারো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা আমার লক্ষ্য নয়। যানজট নিরসন এবং নিরবিচ্ছিন্ন ব্যবসা পরিচালনার জন্য সরকার নির্ধারিত শেডে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
অভিযানকালে ফুটপাত দখল করে স্থায়ীভাবে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদেরও শেষ সতর্কবার্তা দেয়া হয়।
ইউএনও আরো জানান, সাধারণ পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় ৩ নম্বর ডিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেবসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছে, ‘শৃঙ্খলাপূর্ণ বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে বাবুরহাট বাজারসহ আশপাশের এলাকায় যান চলাচল ও পথচারীদের চলাফেরা সহজ হবে।



