সিলেট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে সীমান্ত এলাকায় এসব পণ্য জব্দ করা হয়।
বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা-পাতা, সুপারি ও সাবানসহ বিভিন্ন চোরাই পণ্য আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছও জব্দ করা হয়।
এ ব্যাপারে অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’



