গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দাদন মিয়া (৩২) ও শিহাব উদ্দিন (২২) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরতকিতলা এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দাদন মিয়া ও শিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাসার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২১ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ তিন লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং দু’টি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, জব্দকৃত আলামতসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (অ্যাপস এবং মিডিয়া অফিসার) শাহ আলম জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



