সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার কালাগুল মাখরখলা বাগানের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে স্থানীয় লোকজন বাগানের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের সাথে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা যায়, নিহতের নাম প্রতিবন্ধী কবিরাজ সানী এবং বর্তমান ঠিকানা বিয়ানীবাজারের উমদারপাড়া উল্লেখ রয়েছে।
নিহত সানী পরিবারসহ সিলেট সদর উপজেলার উমদারপাড়া এলাকার লোকমান মিয়ার কলোনিতে বসবাস করতেন। কবিরাজির পাশাপাশি তিনি ধূপাগোল পয়েন্টে অস্থায়ীভাবে কাপড়ের ব্যবসাও করতেন।
নিহতরে পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের আগে তিনি সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা গ্রামে রোগী দেখার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তবে রওয়ানা হওয়ার প্রায় ১৫ মিনিট পর থেকেই তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়ার কারণে তার মৃত্যু হতে পারে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।



