নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহতরা হলেন জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) ও মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) ও মাহিগঞ্জ এলাকার অকীন্দ্র চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সাথে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করেন।