জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও মুখলিস দাঈ। সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রচার, প্রসার এবং সংগঠনকে মজবুত ও গতিশীল করার পেছনে তার অবদান অবিস্মরণীয়। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে ইসলামের আদর্শকে সিলেটের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। কোরআন ও দ্বীনের সুমহান খেদমতে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বা’য়ি ইলাল্লাহ। কোরআন-সুন্নাহর আলোকিত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর আজীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী একজন জনপ্রিয় ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সমাদৃত ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি কানাইঘাট ও জকিগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, ক্লাব ও পাঠাগারসহ অবহেলিত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও উদার ব্যক্তিত্বের কারণে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার নেক আমল ও ভালো কাজ তাকে আজীবন জনতার মাঝে বাঁচিয়ে রাখবে।’
তিনি রোববার (১৪ জুন) বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোয়া মাহফিলে হাজার হাজার এলাকাবাসী ও নেতৃবৃন্দ শরীক হন।
এর আগে তিনি মরহুম ফরিদ উদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন এবং রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাফিজ আনওয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, পশ্চিম জেলা সভাপতি আবু যোবায়ের প্রমুখ।
উল্লেখ্য, সিলেট অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতা, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, সাবেক এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক দীর্ঘকালীন আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি ২০০১ সালে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



