ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গেলেন স্ত্রী, প্রাণ গেল দুজনেরই

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মজিবর খাঁ ও তার স্ত্রী মোমেনা খাতুন। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jhenaidah Sadar
ঝিনাইদহের মানচিত্র
ঝিনাইদহের মানচিত্র |নয়া দিগন্ত

ঝিনাইদহ সদর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর প্রস্তুতি নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দম্পতির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। তারা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা।

‎স্বজনরা জানায়, আজ ভোরে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন মজিবর খাঁ। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

‎ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র : বাসস