বগুড়া অফিস
বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা: মো: মনজুর-এ-মুর্শেদ এ তথ্য জানান।
শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সাত শিশু ভর্তি হয়েছে । বর্তমানে সেখানে ২৪ জন রোগী ভর্তি আছে। ২৯ মার্চ থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ জন। এ সময় মোট ৩৭ শিশু হাসপাতালে সেবা নিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের রোগীদের জন্য একটি পৃথক আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। তবে শজিমেক হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তি নেই।
জেলা সিভিল সার্জন ডা: খুরশীদ আলম জানান, জেলায় শনিবার দুই লাখ ৮৮ হাজার ডোজ হামের টিকা পৌঁছেছে। এছাড়া আগে থেকে জেলায় ছয় হাজার ডোজ টিকা মজুদ ছিল। রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরো জানান, ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে এবং আগের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতেই এ টিকা কার্যক্রম চলবে।


