সিলেটে মাজার জিয়ারত করতে এসে গণধর্ষণের শিকার নারী

শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে নগরীর লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
আটক ধর্ষকরা
আটক ধর্ষকরা |নয়া দিগন্ত

সিলেটে হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত করতে এসে গণধর্ষণের ধর্ষণের শিকার হয়েছেন সাতক্ষীরার এক নারী।

বুধবার (১৩ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নরে (র‌্যাব-৯) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার নারী বর্তমানে নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় দুই ধর্ষককে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৯ জানায়, সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই নারী সোমবার দিবাগত রাতে শাহজালালের মাজার জিয়ারত শেষে শাহপরাণ (রহ:) এর মাজার জিয়ারত করতে যান। শাহপরাণ এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে নগরীর লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েক ব্যক্তি এবং আরো কিছু সিএনজিচালিত অটোরিকশার চালক মিলে ভুক্তভোগীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। অভিযানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব-৯।

র‌্যাব-৯-এর সিপিএস কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর বক্তব্যের সাথে তাদের দেয়া তথ্যও মিলেছে। পলাতক একজন অটোরিকশাচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’