স্কুল-কলেজের শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের ওপর পারদর্শী করে গড়ে তুলতে বান্দরবানে আন্তর্জাতিক প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি এডুকেশন এবং অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচ এর ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর-বাংলাদেশ টিমের উদ্যোগে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলন আয়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেবসহ বুয়েট ও চুয়েটের শিক্ষক ও বিজ্ঞানীরা।
প্রশিক্ষণে জেলার ৩০ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশগ্রহণ করছেন। এতে আধুনিক বিজ্ঞান শিক্ষা পদ্ধতি ও ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রশিক্ষণের অংশ হিসেবে টেলিস্কোপের মাধ্যমে সূর্য পর্যেবক্ষণ, পকেট সোলার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।



