ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক |নয়া দিগন্ত

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় হতে শালবাগান পর্যন্ত এ পার্ট ও গোরহাঙ্গা হতে নিউমার্কেট পর্যন্ত বি পার্টের কাজের অগ্রগতি এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ সরেজমিনের পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় সড়ক বন্ধ করে সড়কের একাংশের উপরে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট ও মালামাল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাসিক প্রশাসক।

এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারগুলো সহ অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ দিনের ও ৯০ দিনের স্কিম গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের স্কিমের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেনের ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে।

রাসিক প্রশাসক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা বন্ধ করে রাস্তার উপরে ইকুইপমেন্ট ও মালামাল রেখেছে। এতে করে জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। জনভোগান্তি দূর করতে আগামী সাত দিনের মধ্যে রাস্তার উপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও মালামাল সরাতে নির্দেশ দিয়েছি।

তিনি আরো বলেন, নগরীর সৌন্দর্য বর্ধণে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে সেবা দেয়ার জন্য, মহানগরীকে বিশ্ব দরবারে আরো সুন্দরভাবে ফুটে তোলার জন্য এবং ক্লিন সিটি, গ্রিন সিটি গড়তে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমি সব পদক্ষেপ গ্রহণ করবো।

পরিদর্শনকালে ফুটপাত দখলমুক্ত করতে ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

এসময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।