প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া তিনি কয়েকটি সরকারি কর্মসূচিতে যোগদান ছাড়াও জিয়া বাড়িতে যাবেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলন শেষে তারা জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ, জেলা জজকোর্ট ও পৌরসভা চত্বর পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসক (ডিসি) মো: তৌফিকুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা মো: শোকরানা, শাফিন আহমেদ রন্টিসহ সরকারী কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়া পৌঁছাবেন।
সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।
সফরসূচি অনুযায়ী, সড়কপথে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম, বার সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন এবং বগুড়া পৌরসভা চত্বরে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন।
এরপর প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়িস্থ শহীদ জিয়া কলেজ মাঠে সমাজক্যলাণ মন্ত্রণালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান হাসপাতাল পরিদর্শন এবং জিয়া বাড়ির সামনে খালকাটা কর্মসূচির উদ্বোধন শেষে জিয়া বাড়িতে যাবেন।
সেখান থেকে সড়কপথে বগুড়া সার্কিট হাউজে নামাজের বিরতির পর বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি সার্কিট হাউজসহ তার কর্মসূচিস্থলে সাজসজ্জার কাজ চলছে পুরোদমে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে বগুড়া সফর করেন তারেক রহমান। তখন তিনি বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে তিন দিন অবস্থান করে বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।



