ত্রিশালে ধানক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা

তার সাথে থাকা নগদ ৩৮ হাজার ৬৪৫ টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তুলেছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে ধানক্ষেতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন ওই এলাকার মরহুম সাইফুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মোতালেব হোসেন মাগরিবের নামাজের আগে নিজ চাষকৃত ধানক্ষেত দেখতে যান। পরে রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।

নিহতের শরীরের ঘাড়, মাথা ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, ‘বাবা প্রায়ই জমি দেখতে যেতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে খবর পান ধানক্ষেতে তার লাশ পড়ে আছে।’

তিনি আরো জানান, বাবার সাথে থাকা নগদ ৩৮ হাজার ৬৪৫ টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তুলেছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তবে টাকা-পয়সা ও মোবাইল না নেয়ায় হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।’

তিনি আরো জানান, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।