সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ১০৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৬৫ জন। একই সময়ে ট্রাফিক বিভাগ ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ছয়জন, ওয়ারেন্টভুক্ত আটজন, দু’জন মাদককারবারি ও একজন সন্দেহভাজনকে আটক করা হয়। মেট্রো অধ্যাদেশে আরো ৪৮ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় ৭০০ গ্রাম গাঁজা, তিন বোতল কেয়ারুজ মদ, ৫১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট, এক হাজার পিস গান্ডুর সাফারি চকলেট ও ১৩টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৩টি যানবাহন জব্দ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরো ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ ৪৩ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৯ জন মাদকসেবী ও মাদককারবারি, ১৪ জন সন্দেহভাজন, মেট্রো অধ্যাদেশে ছয়জন এবং দু’জন হকার রয়েছেন। এ সময় ১৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল রোববার এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



