অধ্যাপক মুজিবুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব

‘গণভোটে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘গণভোটে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।’

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে উপজেলার ফিরোজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: গোলাম মুর্তজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো: কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ্, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মো: আতিকুর রহমান, ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রেজওয়ান ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মাঝে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘গণভোট কোনো দলের বিষয় নয়, এটি গোটা জাতির বিষয়। জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলনকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে রাজপথে আছি এবং থাকব।’