কুমিল্লায় হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায়, হামে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১৪৯ শিশু ভর্তি হয়েছে।
কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা: মিয়া মনজুর আহমেদ বলেন, ‘বুধবার সকাল পর্যন্ত হামের নতুন রোগী ২৪ জন।’
তিনি আরো বলেন, ‘গত ১৮ মার্চ থেকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা সাতজন শিশু ভর্তি চিকিৎসার জন্য ভর্তি হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১৪৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৮০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৬৬ শিশু রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এখন পর্যন্ত হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।’
কুমেক হাসপাতালের শিশু বিভাগের প্রফেসর ডা: কাওসার হোসেন বলেন, ‘পাঁচ বছরের নিচের শিশুরাই হামে আক্রান্ত হচ্ছে বেশি। পি আই সি ইউ না থাকায় এই পর্যন্ত এখান থেকে তিনজন শিশুকে রেফার করা হয়েছে।’
কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘নয় মাস থেকে দুই বছরের যে সকল শিশু হামের টিকা নেয়নি তাদেরকে আমরা টিকা দিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘গত ৫ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম চলছে। কুমিল্লা জেলা প্রথম ধাপে টিকা পায়নি। আগামী ৩ মে কুমিল্লা জেলায় টিকা পাওয়া যেতে পারে। এ ছাড়াও আমরা ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াচ্ছি। রুটিন টিকাদান কার্যক্রম চলমান আছে।’


