মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জের এক প্রবাসী যুবক সৌদি আরবে গিয়ে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রুবেল মন্ডল (২১) উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে তিনি কয়েক মাস আগে সৌদি আরবে যান। সেখানে মক্কা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। গত ১৬ এপ্রিল বিকেলে মায়ের সাথে ভিডিও কলে সর্বশেষ কথা বলার পর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে।
নিখোঁজ রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম জানান, রুবেল পরিবারের সবার ছোট। তার নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, ‘২২ দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই। সে কোথায় আছে জানি না।’
এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’



