খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীতে ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জোড়শিং গ্রামের পরলোকগত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং পরলোকগত ধোনা মন্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন জেলে একটি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক ঝড়ে নৌকাটি উল্টে যায়। এতে একজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুইজন নৌকাসহ পানিতে তলিয়ে যান।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি বলেন, ‘বিকেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মেম্বার আবু বক্করের বাড়ির সামনে শাকবাড়িয়া নদীতে নৌকাসহ দুইজন জেলে ডুবে গেছে। স্থানীয় লোকজন ও প্রশাসনের নেতৃত্বে নিখোঁজ জেলেদের সন্ধানের চেষ্টা চলছে।’
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে। তাদের সন্ধান পেলে জানিয়ে দেয়া হবে।’



