চুয়াডাঙ্গায় বিশৃঙ্খলার দায়ে ৩ যুবকের জেল-জরিমানা

জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইওয়ে ফিলিং স্টেশনে তেল কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Location :

Chuadanga
দণ্ডপ্রাপ্তরা
দণ্ডপ্রাপ্তরা |নয়া দিগন্ত

ডিঙ্গেদহ (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ফিলিং স্টেশনে এ দণ্ড দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ চলাকালে কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ মারামারি করে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই ধারায় আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকেও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, ‘জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইওয়ে ফিলিং স্টেশনে তেল কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জনসাধারণের ভোগান্তি ও বিশৃঙ্খলা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ অন্য কর্মকর্তারা।