ধুনটে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি মাদকের আস্তানা

দুই ভাইসহ গ্রেফতার ৬ : মাদক জব্দ

সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদক সেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাহাদুর আলীর বাড়ির মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে তার দুই ছেলেসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতা বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩) ও উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদক সেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাহাদুর আলীর বাড়িতে মাদকসেবী ও কারবারিরা আসর বসায়। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।