নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

জেলার ছয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় মোট এক হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় নয় মাস ও ১৫ মাস বয়সে টিকা নেয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংবাদ সম্মেলন
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারীতে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় জেলায় দুই লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, জেলার ছয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় মোট এক হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় নয় মাস ও ১৫ মাস বয়সে টিকা নেয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়াবে।

ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে চিঠি পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক বলেন, ‘হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: মো: আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।