চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
এ সময় তিনি বলেন, ‘মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।’
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো: শরীফুজ্জামান শরীফ সভাপতিত্ব করেন।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মো: মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
মাদককে ‘না’ বলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



