পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য্যের অপার সম্ভাবনা রয়েছে। সবাইকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘হাটহাজারীতে কোনো অপরাধকে একচুল পরিমাণও ছাড় দেয়া হবে না। দল, গোত্র, সংগঠনের নাম বিক্রি করে যত অবৈধ দখলদারিত্ব, সরকারি জায়গা দখল, খাল দখল করা হয়েছে সব উদ্ধার করা হবে। লোকাল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ একমত হয়েছি, যেকোনো অপরাধের বিরুদ্ধে সকলে মিলে আমরা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছি।’



